পর্ব ১: ফেলে আসা দিনগুলো
ক্যাফেটার দরজা ঠেলে ভেতরে ঢুকল অরিত্র।
একটা টেবিলের সামনে বসে থাকা রিয়াকে দেখে কিছুক্ষণ চুপ করে রইল।
পাঁচ বছর!
পাঁচ বছর পর প্রথম দেখা।
কিন্তু যেন কিছুই বদলায়নি।
রিয়া কাপ হাতে জানলার দিকে তাকিয়ে ছিল। গাড়ির লাইট, রাস্তায় ছুটে চলা মানুষের ভিড়, সবকিছু তার চোখের সামনে দিয়ে বইছে, তবু তার মন পড়ে আছে অন্য কোথাও।
অরিত্র ধীরে ধীরে গিয়ে বসলো সামনে।
চোখে চোখ পড়তেই রিয়া হাসল, সেই চেনা হাসি, কিন্তু তাতে যেন হালকা বিষাদ মিশে আছে।
“তুমি কেমন আছো?”
অরিত্রের কণ্ঠে একটু অস্বস্তি।
“ভালো, তুমি?”
“ভালো… হয়তো।”
চায়ের কাপটা হাতে নিয়ে দু’জনেই কিছুক্ষণ নীরব। চারপাশের কোলাহল যেন তাদের স্পর্শ করছে না।
পাঁচ বছর!
এই পাঁচ বছরে অনেক কিছু বদলেছে, তবু মনে হচ্ছে, কিছুই বদলায়নি।