Chapter 1
একটি নীরব আত্মহত্যার শুরু
"মানুষ একদিনে নষ্ট হয় না। সে ধীরে ধীরে বদলে যায়। আর সেই পরিবর্তনের শব্দ কেউ শোনে না।"
আমি এই বইটি লিখছি কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়। আমি লিখছি, কারণ মানুষ সাধারণত একজন মানুষকে তার বর্তমান দেখে বিচার করে, কিন্তু খুব কম মানুষ জানতে চায় সে এখানে এসে পৌঁছাল কীভাবে।
আমি চাই, আমি না থাকলেও আমার বদলে যাওয়ার পেছনের গল্পটা অন্তত কেউ আন্দাজ করতে পারুক।
আমার শিক্ষাজীবনের শুরু ২০০৯ সালে।
২০১৪ সালে আমি যশোর জিলা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই। ছোটবেলায় আমি কখনো ভাবিনি, জীবন এত দ্রুত বদলে যেতে পারে। আমি শুধু পড়াশোনা করতাম, বন্ধুদের সঙ্গে খেলতাম, আর বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করতাম।
আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। তাই তাদের প্রত্যাশাও ছিল অনেক বড়। মুসলিম পরিবারের সন্তান হিসেবে ধর্মীয় শিক্ষার প্রতিও আমার পরিবার বিশেষ গুরুত্ব দিত। সেই পথেই এগিয়ে ২০১৮ সালে, সপ্তম শ্রেণিতে পড়াকালীন আমি আল্লাহর রহমতে হিফজ সম্পন্ন করি।
পেছনে তাকালে মনে হয়, তখন পর্যন্ত আমার জীবনটা খুব সোজা ছিল।
জিলা স্কুলের ভর্তি পরীক্ষায় আমি মর্নিং শিফটে ৮৩তম এবং ডে শিফটে ১৫তম হয়েছিলাম। চতুর্থ শ্রেণিতে 'খ' শাখা থেকে দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হই। এসব অর্জন তখন আমার কাছে শুধু নম্বর ছিল, কিন্তু আজ বুঝি, সেগুলো ছিল আমার হারিয়ে যাওয়া এক সংস্করণের পরিচয়।
২০১৯ সালে আমি ঢাকায় আসি। বাংলাদেশের অন্যতম শীর্ষ কামিল মাদ্রাসা, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাই। মনে হচ্ছিল, জীবন যেন ধীরে ধীরে একটি সুন্দর পথে এগিয়ে যাচ্ছে।








